পাহাড়ে চাঁদাবাজি-অপহরণ বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
- আপডেট সময় : ০২:০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ১৫৯২ বার পড়া হয়েছে
পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি, অপহরণ, গুম ও হত্যাকাণ্ড বন্ধ এবং সাধারণ মানুষের নিরাপত্তার দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বান্দরবান প্রেসক্লাব চত্বরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ‘অস্ত্রের ঝনঝনানি ও চাঁদাবাজি বন্ধ করো’—এই স্লোগানে আয়োজিত মানববন্ধনে বক্তারা পাহাড়ে সক্রিয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে তা বন্ধের দাবি জানান।
বক্তারা বলেন, কৃষক, ব্যবসায়ী, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চাঁদা দিতে হচ্ছে। এতে উৎপাদন ও পরিবহন ব্যয় বাড়ছে, যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়।
মানববন্ধন থেকে অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পিসিএনপির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান। সংগঠনের বান্দরবান জেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, ছাত্র পরিষদের সভাপতি আশিফ ইকবালসহ স্থানীয় নেতারা।





















