পরিমণি ও পিয়াসাদের কাছ থেকে বিভিন্ন পেশার অনেকের নাম পাওয়া গেছে
- আপডেট সময় : ০৭:২১:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
- / ২১২২ বার পড়া হয়েছে
রিমান্ডে থাকা অভিনেত্রী পরিমণি ও মডেল পিয়াসাদের কাছ থেকে পাওয়া গেছে গুরুত্বপূর্ণ তথ্য। জানা গেছে, বিভিন্ন পেশার অনেকের নাম। তবে সেগুলো যথাযথভাবে তদন্ত করতে চায় সিআইডি। সিআইডির অ্যাডিশনাল ডিআইজি শেখ ওমর ফারুক বলেছেন, প্রয়োজন হলে পরীমনি-পিয়াসাসহ অন্যদেরও আবারো রিমান্ডে নেয়া হবে।
মামলা বুঝে নেয়ার পর গ্রেপ্তার অভিনেত্রী পরীমনি, কথিত মডেল পিয়াসা, মরিয়ম আক্তার মৌ, চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ ও বিতর্কিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের বাসায় শনিবার তল্লাশিতে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। উদ্ধার হয় বিভিন্ন আলামত।
সিআইডি বলছে, আসামীদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তারা। উঠে এসেছে গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তির নাম। তবে নির্দোষ কোন ব্যক্তি যেন দোষী সাব্যস্ত না হন, সে বিষয়টি নিশ্চিত করতে চায় গোয়েন্দা সংস্থাটি।
রোববার শেষ হচ্ছে পরিমনির রিমান্ডের সময়সীমা। তবে প্রয়োজনে নতুন করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশী হেফাজতের আবেদন জানাবে সিআইডি।তবে প্রকৃত অপরাধীরা কোনভাবেই ছাড় পাবে না বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।
























