নির্বাচিত সংসদ সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন : আলী রীয়াজ
- আপডেট সময় : ০৫:০০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৭১৬ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, নির্বাচিত সংসদ সদস্যদের ১৭ ফেব্রুয়ারির মধ্যেই শপথ পাঠ করানো হবে বলে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিবেন।
জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের যাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকল ১২ ফেব্রুয়ারির গণভোট। দীর্ঘ ১৬ বছরের পুঞ্জীভূত আকাঙ্ক্ষা আর সংস্কারের দাবি নিয়ে কেন্দ্রে হাজির হয়েছিলেন কোটি কোটি ভোটার। উদ্দেশ্য একটাই—পুরানো ব্যবস্থায় না ফিরে নতুন রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন।
নির্বাচন পরবর্তী রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গণভোট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ গণভোটের বিস্তারিত তুলে ধরেন। বলেন, ভোটারের একটি বিশাল অংশ সংবিধান সংস্কার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে সুষ্পষ্ট ‘হ্যাঁ’ রায় দিয়েছেন।
নির্বাচনে বিএনপি দুই তৃতীয়াংশ আসন নিয়ে সংসদ গঠনের পর জুলাই সনদ বাস্তবায়ন কতটা সম্ভব এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গণতান্ত্রিক উত্তরণের পথ কঠিন হলেও সকল দলের সম্মিলিত প্রচেষ্টায় জনগণের এই ‘গণরায়’কে আইনি ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব।
পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে,নির্বাচিত সংসদ সদস্যরা ১৭ ফেব্রুয়ারির মধ্যেই শপথ বাক্য পাঠ করানো হবে।
এরই মধ্যে সংসদ সচিবালয়, শপথের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও জানান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।






















