নির্বাচনে অংশগ্রহণের নামে বিএনপি তামাশার নাটক করে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৪৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
নির্বাচনে অংশগ্রহণের নামে বিএনপি তামাশার নাটক করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ঢাকার বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদনশেষে এ মন্তব্য করেন তিনি।সরকার ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি নির্বাচনে অংশ নেয় বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।
রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে ১৫ আগস্টের শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে বনানী কবরস্থানে আসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
এ সময় শহীদদের রুহের মাগফেরাত কামনায় কবরস্থান প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিলের অংশ নেন তারা। পরে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ।
১৫ আগস্টের হত্যাকাণ্ডকে কারবালার প্রান্তরের চেয়েও ভয়াবহ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সেদিন শিশু রাসেলও রক্ষা পাননি খুনিদের হাত থেকে।
পরে, শ্রদ্ধা নিবেদন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ সহযোগী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।


















