নির্বাচন কমিশন গঠনে ৬০ বিশিষ্ট নাগরিককে সার্চ কমিটির চিঠি, আবারও নাম না পাঠানোর ঘোষণা বিএনপির
- আপডেট সময় : ০৫:৫৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৭১ বার পড়া হয়েছে
নতুন নির্বাচন কমিশন গঠনে মতামত নিতে ৬০ বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীর সঙ্গে শনিবার থেকে বৈঠকে বসবে সার্চ কমিটি। এরই মধ্যে তাদের কাছে বৈঠকের আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে প্রয়োজনে নামের তালিকা আরও লম্বা হতে পারে। এজন্য আজ বিকেল ৫টা পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগ কার্যালয় খোলা রাখা হচ্ছে।
শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা, দুপুর ১টা থেকে সোয়া ২টা পর্যন্ত এবং রোববারও সভা করবে কমিটি। সব বৈঠক সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত হবে। এদিকে ইসি গঠনে জাতীয় পার্টি, জাসদসহ পাঁচটি রাজনৈতিক দল নামের তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে। আজ আওয়ামী লীগ পাঠাবে তাদের প্রস্তাবিত নামরে তালিক। মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম জানিয়েছিলেন, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং অন্যদের কাছেও নামের প্রস্তাব চাওয়া হবে। তারাও সুপারিশ-পরামর্শ দিতে পারবেন।
এদিকে..ইলেকশন কমিশন গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ে নামের তালিকা চেয়ে বিএনপিকে চিঠি দিয়েছে সার্চ কমিটি। তবে বিএনপি সার্চ কমিটিতে নাম দেবে না বলে জানিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি পাঠানো হয়। পরে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বিএনপি সার্চ কমিটিতে কোনো নামের তালিকা দেবে না। তিনি বলেন, এর আগেও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানিয়েছেন, বিএনপির পক্ষ থেকে সার্চ কমিটির কাছে কোনো নাম দেয়া হবে না। একই সঙ্গে দলের স্থায়ী কমিটিও এই সিদ্ধান্ত নিয়েছে।





















