নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
- আপডেট সময় : ০৫:৩৩:২১ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল।
দেশব্যাপি দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচী অনুযায়ী বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ও মহানগর ছাত্রদল। দুপুরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুর রহমান।
একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাটোর জেলা ছাত্রদল। সকালে নাটোর শহরতলীর তেবারিয়া হাট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলের নেতা কর্মিরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে হুগোলবাড়ীয়া ব্রীজ এলাকায় গিয়ে শেষ হয়।
ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল। সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে দলটির জেলা শাখা। এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। বক্তারা, দেশের দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধে সরকারের ব্যর্থতা উল্লেখ করে সরকারকে পদত্যাগ করার দাবি জানান।
টাঙ্গাইলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জেলা ছাত্রদলের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ করা হয়।
খাগড়াছড়িতে বিএনপির কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেছেন, জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। এখন পালাবার পথ খোঁজছে। শীঘ্রই সরকার পতনের এক দফা আন্দোলন শুরু হবে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নিত্যপ্রয়োজনীয় মূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে খাগড়াছড়িতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ওয়াদুদ ভুইয়া।





















