ধর্মের অজুহাতে দেশকে ধ্বংসের ষড়যন্ত্র ঠেকাতে পাকিস্তানীদের রুখে দিয়েছিলো ভাষা শহীদরা: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:১৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মের অজুহাতে দেশকে ধ্বংসের ষড়যন্ত্র ঠেকাতে পাকিস্তানীদের রুখে দিয়েছিলো ভাষা শহীদরা। বঙ্গবন্ধুকে হত্যা মধ্য দিয়ে সে প্রতিশোধ নেয়া হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ইতিহাস বিকৃতির হাত থেকে দেশকে রক্ষা করতে কাজ করছে সরকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের একুশ পদক প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বছরের ‘একুশে পদক-২০২২’ পেয়েছেন দেশের ২৪ জন বিশিষ্টজন। তাদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষা আন্দোলন বিভাগে মরণোত্তর পুরস্কার পেয়েছেন মোস্তফা এম এ মতিন এবং মির্জা তোফাজ্জল হোসেন মুকুল। মুক্তিযুদ্ধ বিভাগে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান, কিউএবিএম রহমান ও আমজাদ আলী খন্দকার এবং মরণোত্তর পুরস্কার পেয়েছেন সৈয়দ মোয়াজ্জেম আলী। শিল্পকলা বিভাগে নৃত্যে জিনাত বরকতুল্লাহ, সঙ্গীতে নজরুল ইসলাম বাবু (মরণোত্তর), ইকবাল আহমেদ ও মাহমুদুর রহমান বেনু, অভিনয়ে খালেদ মাহমুদ খান (মরণোত্তর), আফজাল হোসেন ও মাসুম আজিজ। সাংবাদিকতায় এম এ মালেক, বিজ্ঞান ও প্রযুক্তিতে মো. আনোয়ার হোসেন এবং শিক্ষায় অধ্যাপক ডা. গৌতম বুদ্ধ দাস মনোনীত হয়েছেন। সমাজসেবা বিভাগে মনোনীত হয়েছেন এস এম আব্রাহাম লিংকন ও সংঘরাজ ডা. জ্ঞানশ্রী মহাথেরো।





















