দেশের ২০৪টি ইউনিয়ন পরিষদ ও দু’টি পৌরসভায় ভোটগ্রহণ শেষে চলছে গণনা
- আপডেট সময় : ০৫:০০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় ২০৪টি ইউনিয়ন পরিষদ ও দু’টি পৌরসভায় ভোটগ্রহণ শেষে এখন গননা চলছে। বরিশালের গৌরনদীতে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ ও বোমা হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হন দু’জন। আরেকদিকে ভোলার চরফ্যাশনে দুই পক্ষের সংঘর্ষে মনির নামে এক ব্যক্তি নিহত হয়েছেন গুলিবিদ্ধ হয়ে। এ ঘটনায় আহত হন ৪ জন। এছাড়া, পটুয়াখালীর বাউফলে দুই পক্ষের সমর্থকের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন দু’জন।লক্ষ্মীপুর-২ আসনে উপ-নির্বাচনের ভোট গ্রহণও শেষ হয়েছে।
ভোলার চরফ্যাশনে নির্বাচনী সহিংসতায় মনির নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত ও চার জন আহত হয়েছে। উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের চর ফকিরা কোয়াইড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ইয়াসিন ও ইউনুস সিকদারের মধ্যে এ সংঘর্ষ হয়। পুলিশ সুপার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২ রাউন্ড গুলি চালিয়েছে তারা। তবে, এতে কেউ নিহত হয়নি বলে দাবি করেন তিনি।
পটুয়াখালীর বাউফলে কেশবপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে দু’জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।
বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও বোমা হামলায় এক বৃদ্ধ ও দু’জন আহত হয়েছে। অপ্রাপ্তবয়স্ক একজনের ভোট দেয়াকে কেন্দ্র করে প্রথমে বাকবিতন্ডা ও পরে সংঘর্ষ হয়। প্রতিপক্ষের ককটেলের আঘাতে বৃদ্ধ মৌজা আলী গুরুতর আহত হন। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। জেলার ৫০টি ইউনিয়নের মধ্যে ১৪টিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ওই ১৪টিতে সদস্য পদে এবং বাকি ৩৬ ইউনিয়নে ভোট হয়েছে।
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভায় ভোট গ্রহন শেষ হয়েছে। মেয়র পদে তিন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছে।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ছ’টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। এর মধ্যে দুটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট নেয়া হয়েছে। এদিকে, রামগতি-কমলনগরের ছ’টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ব্যালটে অনুষ্ঠিত হয়েছে। ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, রেব, পুলিশ, বিজিবি মোতায়েন রয়েছে নির্বাচনী এলাকায়।
পিরোজপুরের ৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে চারটি ইউনিয়নে ইভিএম পদ্ধতি ব্যবহার করা হয়েছে। ১৯ প্লাটুন বিজিবিসহ আড়াই হাজার পুলিশ ও রেব সদস্য মাঠে রয়েছে।
রংপুরের পীরগাছা উপজেলার কল্যানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট হয়েছে। একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, রেব, পুলিশ ও বিজিবি মাঠে রয়েছে।
ঝালকাঠি পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম মেশিনে ভোট নেয়া হয়েছে। মেয়র পদে তিন, সাধারণ কাউন্সিলর পদে ৩১ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছে। এদিকে, জেলার ৩১টির মধ্যে পাঁচটি ইউনিয়নে প্রথমবারের মতো ইভিএমে ভোট নেয়া হয়েছে। বাকিগুলোতে ব্যলটে ভোট গ্রহণ করা হয়েছে। বৃষ্টি থাকায় দু’একটি ছাড়া বেশিরভাগ কেন্দ্রেই ভোটারের উপস্থিতি ছিল অনেকটাই কম।






















