দেশের প্রচলিত আইন বাংলায় করতে লিগ্যাল নোটিশ
- আপডেট সময় : ০২:৪৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১৯ বার পড়া হয়েছে
দেশের প্রচলিত আইন বাংলায় করতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী। দেওয়ানী, ফৌজদারি, দণ্ডবিধি, সাক্ষ্য আইনসহ মৌলিক সব আইন বাংলায় অনুবাদের জন্য এই নোটিশ দেয়া হয়েছে।
অনুবাদগুলো পাঠের যোগ্য করে প্রণয়ন ও তা প্রকাশ করতে লিগ্যাল নোটিশ পেয়েছে আইন সচিবসহ বাংলাদেশ আইন কমিশনের চেয়ারম্যান, বাংলা একাডেমীর মহাপরিচালক ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল। নোটিশে বলা হয়, ‘সংবিধানের ৩ নম্বর অনুচ্ছেদে ‘বাংলা’ কে একমাত্র রাষ্ট্রভাষার মর্যাদা দেয়া হয়েছে। আর তাই সেই অনুচ্ছেদের বিধানকে পূর্ণরূপে কার্যকরের উদ্দেশ্যে ১৯৮৭ সালে বাংলা ভাষা প্রচলন আইন প্রণয়ন করা হয়। ওই আইনের ৩ ধারা অনুযায়ী সর্বত্র তথা সরকারী অফিস, আদালত, আধা-সরকারী, সায়ত্বশাসিত প্রতিষ্ঠানে সকল কার্যাবলী অবশ্যই বাংলায় হতে হবে। এই আইনি বিধান সত্ত্বেও দেশের আদালতের অধিকাংশ রায় ও আদেশ এবং অন্যান্য কার্যাবলী ইংরেজীতে প্রদান করা হয়।’





















