ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট, ভোগান্তিতে চালক ও যাত্রীরা
- আপডেট সময় : ১১:৩৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার এলাকায় ধীর গতিতে যান চলাচল করছে। এদিকে, গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
মাঝরাত থেকে যমুনা সেতুর পূর্ব টোল প্লাজা থেকে আশেকপুর বাইপাস পর্যন্ত সড়কে থেমে থেমে চলছে যানবাহন। এতে ঘরমুখো মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পরিবহন সংকটের কারণে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাকে করে বাড়ি ফিরছেন। পুলিশ বলছে, অতিরিক্ত চাপ ও কয়েকটি গাড়ি বিকল হয়ে পড়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
অন্যদিকে, ঈদযাত্রায় গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় অন্তত কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহনগুলোর বিরুদ্ধে।
এছাড়া সাভারের বাইপাইলে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে। বাসের টিকিট সংকট ও অতিরিক্ত ভাড়ার কারণে অনেক যাত্রীকে ট্রাক ও পিকআপে করে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরতে দেখা গেছে।




















