ঢাকা কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। তিনি বলেন, ক্যাম্পাসের ভেতরে নিয়মিত পুলিশ মোতায়েন থাকে না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
পুলিশের একটি সূত্র জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি সেমিনারে প্রবেশকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও ছাত্রশক্তির নেতা-কর্মীদের ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে পরে ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের পর ছাত্রদলের নেতা-কর্মীরা ঢাকা কলেজ ক্যাম্পাসের বাইরে প্রধান সড়কে মিছিল করেন। অন্যদিকে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেন।
এদিকে, বেলা সাড়ে ৩টার দিকে নিউমার্কেট এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেন।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকা কলেজ ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনার কারণ এবং ককটেল বিস্ফোরণের সঙ্গে সংঘর্ষের কোনো প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।