ডোপিংয়ের দায়ে ১৫ মাস নিষিদ্ধ আমিরাতের ক্রিকেটার আসিফ খান
- আপডেট সময় : ০৪:৪৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ডোপিংয়ের দায়ে সংযুক্ত আরব আমিরাতের অভিজ্ঞ ব্যাটার আসিফ খানকে ১৫ মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
২০২৫ সালের সেপ্টেম্বরে নেওয়া ডোপ টেস্টে আসিফ খানের শরীরে নিষিদ্ধ উপাদান মাস্টারলোনের মেটাবোলাইট শনাক্ত হয়। আইসিসির অ্যান্টি-ডোপিং কোডের ২.১ ধারা লঙ্ঘনের বিষয়টি স্বীকার করেছেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।
বিশ্ব অ্যান্টি-ডোপিং সংস্থা (ওয়াডা)-র সঙ্গে কেস রেজুলেশন চুক্তিতে সম্মত হওয়ায় আসিফের বিরুদ্ধে দেওয়া নিষেধাজ্ঞার সিদ্ধান্তের বিরুদ্ধে আর আপিল বা পুনর্বিবেচনার সুযোগ থাকছে না।
ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা
আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, আসিফ খানের নিষেধাজ্ঞা কার্যকর ধরা হয়েছে ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর থেকে। ১৫ মাসের এই নিষেধাজ্ঞা শেষ হবে ২০২৬ সালের ৭ ডিসেম্বর। তবে ৮ অক্টোবর থেকে তিনি দলের অনুশীলনে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন ৮ ডিসেম্বরের পর।
এ ছাড়া ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে অর্জিত আসিফের সব ব্যক্তিগত পরিসংখ্যান, পদক, পয়েন্ট ও প্রাইজমানি বাতিল করা হয়েছে।
এর ফলে ২০২৫ টি-টোয়েন্টি এশিয়া কাপে ভারত, ওমান ও পাকিস্তানের বিপক্ষে খেলা তার শেষ তিনটি টি-টোয়েন্টি ম্যাচের পারফরম্যান্সও ক্যারিয়ার রেকর্ড থেকে বাদ যাবে।
আমিরাতের হয়ে ৯৪ ম্যাচ
পাকিস্তানের সাবেক অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আসিফ খান ২০২২ সালের মার্চে ওমানের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে সংযুক্ত আরব আমিরাতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন।
এখন পর্যন্ত আমিরাতের হয়ে ৩৮টি ওয়ানডে ও ৫৬টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ডোপিংয়ের কারণে দীর্ঘ নিষেধাজ্ঞায় পড়ায় তার আন্তর্জাতিক ক্যারিয়ারও বড় ধাক্কা খেল।























