ডেভিড ইমন চাঁদাবাজির মামলায় ৫ দিনের রিমান্ডে
চট্টগ্রাম প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:০৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে চাঁদাবাজির একটি মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার দুপুরে শুনানি শেষে চট্টগ্রামের দ্বিতীয় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিম এ রিমান্ড মঞ্জুর করেন। এ মামলায় পুলিশ ডেভিড ইমনকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছিল। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২ আগস্ট ফটিকছড়ি থানার একটি হত্যা মামলায় পাঁচ দিন এবং একটি অস্ত্র মামলায় আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল তাকে।
পুলিশের তথ্য অনুযায়ী, ডেভিড ইমন চট্টগ্রামে জোড়া খুনসহ অন্তত ১৮টি মামলার আসামি।
গত ২৯ জুলাই ভোরে নড়াইল-যশোর সড়কের ঝুমঝুম এলাকায় একটি গাড়ি থেকে তিন সহযোগীসহ ডেভিড ইমনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।





















