টিসিবি’র ভর্তুকি শূন্যে নামানোর পরিকল্পনা
- আপডেট সময় : ১২:১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তালিকা থেকে ৫৯ লাখ সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যে নামিয়ে আনার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
টিসিবির তালিকায় পরিবর্তন
বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির সুবিধাভোগীদের তালিকা যাচাই-বাছাই করা হয়েছে। এর অংশ হিসেবে ৫৯ লাখ সুবিধাভোগীকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
তিনি বলেন, সরবরাহ ও সাপ্লাই চেইনের মধ্যে বৈষম্য রয়েছে। এর কারণে বাজারে এখনো পুরোপুরি স্থিতিশীলতা আসেনি। তাই বাজার ব্যবস্থাপনায় টিসিবির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মন্ত্রী আরও বলেন, ভর্তুকির মাধ্যমে টিসিবি যে কার্যক্রম পরিচালনা করছে, তা সাধারণ মানুষের জন্য উপকারী হবে।
চার-পাঁচ বছরে ভর্তুকি শূন্যে নামানোর পরিকল্পনা
টিসিবির ভর্তুকি নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে এ ভর্তুকি শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
এ ক্ষেত্রে বাজারব্যবস্থা ও সরবরাহ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি টিসিবির কার্যক্রমকে আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ডিজিটাল হচ্ছে টিসিবির কার্ড
মন্ত্রী জানান, টিসিবির কার্ড ডিজিটাল রূপান্তরের ফলে ৩০০ থেকে সাড়ে ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে সুবিধাভোগীদের সেবা আরও সহজ করা হবে।
কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হলেও যাতে কার্ডধারীরা টিসিবির পণ্য থেকে বঞ্চিত না হন, সে ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।
অনলাইনে হবে ডিলার নিয়োগ
টিসিবির ডিলার নিয়োগেও ডিজিটাল পদ্ধতি চালুর কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, অনলাইন ডিলার সিস্টেম চালু করা হবে। প্রয়োজনের তুলনায় আবেদনকারী বেশি হলে ডিজিটাল পদ্ধতিতে লটারি করা হবে।
এর মাধ্যমে ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সহজতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।


























