টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
- আপডেট সময় : ০২:০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের পশ্চিম আকুর টাকুর এলাকার হাউজিং মাঠে এ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি।
কর্মসূচির উদ্বোধন
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক, টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু।
এ সময় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেল ও শফিকুর রহমান খান শফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর আহ্বান
প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের মতো টাঙ্গাইলেও বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম।
তিনি বলেন, বিগত সরকারের সময়ে দেশের বনভূমি ধ্বংস করা হয়েছে। এতে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশকে সবুজায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে সারাদেশে পাঁচ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন।
এ কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
পরে বিভিন্ন বয়সী মানুষের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

























