টাকা ছাড়া সেবা মেলে না রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে
- আপডেট সময় : ০৯:২৯:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
টাকা ছাড়া কোনও সেবা মেলে না রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে। দলিল লেখক, নকলনবীশ ও দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্যে অনেকটাই জিম্মি সেবা প্রার্থীরা। অভিযোগ রয়েছে, খোদ সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহের নেতৃত্বেই সক্রিয় এই শক্তিশালী সিন্ডিকেট।
রংপুর সদর সাব-রেজিস্ট্রার অফিসে ঘুষ লেনদেনের এমন চিত্র নিত্যদিনের। সেবা প্রত্যাশীদের অভিযোগ, দলিল যাচাই-বাছাই, অনুলিপি উত্তোলন, জমির মালিকানা নিশ্চিতকরণ সহ অন্যান্য সেবা পেতে পরিকল্পিতভাবে জটিলতা তৈরি করে অতিরিক্ত অর্থ আদায় করা হয়।
একটি জমির তল্লাশি প্রত্যয়ন পত্র পেতে সাত দিন ঘুরেও কুলকিনারা না পেয়ে ভুক্তভোগী সাহিদ আলম সরাসরি দেখা করেন সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহের সাথে। কিন্তু কাগজপত্র ঠিক না থাকার অজুহাত দেখিয়ে সেটি দেয়া সম্ভব নয় বলে নাকচ করেন তিনি।
পরবর্তীতে সাব-রেজিস্ট্রারের নিযুক্ত দালালের শরণাপন্ন হলে সেই প্রত্যয়ন পাওয়া যায় কয়েক ঘন্টার মধ্যেই। তবে সরকার নির্ধারিত দেড়শ টাকার ফি-এর স্থলে দালালকে দিতে হয় এক হাজার টাকা!
অথচ সাব-রেজিস্টার প্রথমে স্পষ্ট জানান, প্রত্যয়ন দেওয়া সম্ভব নয়। কিন্তু কয়েক ঘণ্টা না যেতেই রহস্যজনকভাবে সেই প্রত্যয়ন তৈরি হয়ে যায়। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতেই অনেকটাই বোবা হয়ে যান সাব-রেজিস্ট্রার। অন্যদিকে উত্তর না দিয়েই সটকে পড়ে সংশ্লিষ্ট দালাল।
এরপর তড়িঘড়ি করে এজলাস ত্যাগ করে বক্তব্য না দিয়েই মোটর সাইকেল যোগে অফিস ত্যাগ করেন সাব-রেজিস্ট্রার।
এদিকে, সাব-রেজিস্ট্রার চলে যাওয়ার পর ক্ষুব্ধ হয়ে ওঠে ঘুষ সিন্ডিকেটের সদস্যরা। অভিযোগ ও প্রমাণ নষ্ট করতে দলিল লেখক সমিতির নেতা মুকুট এসএটিভি’র ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
কার্যালয়ে দেখা না পেয়ে এসব বিষয়ে জানতে জেলা রেজিস্ট্রারকে ফোন দিলেও রিসিভ করেননি তিনি। ভূমি সেবার মত জনগুরুত্বপূর্ণ এই অফিসকে দুর্নীতিমুক্ত করতে ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।
জনদুর্ভোগ ও হয়রানি কমাতে সাব-রেজিস্ট্রি অফিসগুলো দালালমুক্ত করা সহ দুর্নীতিবাজদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি সেবা প্রার্থীদের।




















