ঝিনাইদহের কালীগঞ্জের উপ-স্বাস্থ্য কেন্দ্রে আসেন না চিকিৎসক
- আপডেট সময় : ০১:৪৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
ঝিনাইদহের কালীগঞ্জের উপ-স্বাস্থ্য কেন্দ্রে আসেন না চিকিৎসক। নিয়োগ উপ-স্বাস্থ্য কেন্দ্রে হলেও থাকেন উপজেলায়। ফলে সেবা বঞ্চিত হচ্ছেন গ্রামের মানুষ। একমাত্র উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তার সাধ্যমত সেবা দিচ্ছেন। তবে তা যথেষ্ট নয়। সিভিল সার্জন জানান, করোনার কারণে ওই চিকিৎসককে অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে কর্মস্থলে ফিরিয়ে আনার আশ্বাস দেন তিনি।
কালীগঞ্জ উপজেলার বারোবাজার উপ-স্বাস্থ্য কেন্দ্র। ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে নিন্ম আয়ের মানুষ সকাল থেকেই চিকিৎসা নিতে আসেন এখানে। কিন্তু মেডিকেল অফিসার না থাকায় কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। একজন মাত্র উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিচ্ছেন চিকিৎসা সেবা।
এই উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ পেয়েছেন আহসান হাবীব জিকো নামে একজন মেডিকেল অফিসার। কিন্তু নিয়োগের পর কখনই তিনি আসেন নি স্বাস্থ্য কেন্দ্রে। উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ হলেও তিনি থাকেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সরকারি সকল সুযোগ-সুবিধা ভোগ করেন, তবে তার কাছে সেবা পায় না গ্রামের মানুষ।
নিয়োগ দেয়ার পর প্রথমদিকে কয়েকদিন এলেও এখন আসেন না আহসান হাবীব জিকো, জানান উপ-স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তারা।
বিষয়টি জানতে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেও বন্ধ পাওয়া যায় ওই চিকিসকের কক্ষ। আর কথা বলতে রাজী হন নি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো কর্মস্থলে ফিরবেন-এমন আশ্বাস দিলেন সিভিল সার্জন। নিয়োগ পাওয়া চিকিৎসকরা গ্রামের অসহায় মানুষদের নিয়মিত চিকিৎসা সেবা দেবেন-এমনটি আশা করেন স্থানীয় বাসিন্দারা।






















