জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে অনুমোদন মন্ত্রিসভায়
- আপডেট সময় : ০৮:০১:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এছাড়া, ২৬ ফেব্রুয়ারি সারাদেশে এক কোটি গণটিকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ সব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
এদিকে, করোনা সংক্রান্ত বিধিনিষেধ আগামী ২২ ফেব্রুয়ারির পর তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ। ২৬ ফেব্রুয়ারি সারাদেশে এক কোটি গণটিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া ১ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানান তিনি। তবে, প্রাক-প্রাথমিকের শিক্ষা কার্যক্রম আপাতত বন্ধ থাকবে।





















