জুলাই আন্দোলনের কৃতিত্ব দেশের সব মানুষের: তারেক রহমান
- আপডেট সময় : ০৭:০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ১৫৯১ বার পড়া হয়েছে
জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয়, এই কৃতিত্ব দেশের সর্বস্তরের জনগণের। একই সাথে ফ্যাসিবাদী সরকারের সময় দেশ থেকে বিপুল অর্থ পাচারের অভিযোগ তুলে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম এবং রক্তঝরা জুলাই জাগরণ শিরোনামে রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী একথা বলেন। মঙ্গলবার বিকেলে ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উঠে আসে দেশের গণতান্ত্রিক আন্দোলনের নানা দিক। প্রধান অতিথির বক্তব্যে দেশের অর্থনীতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী সরকারের সময়ে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে। এতে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এ সময় জ্বালানি ও গ্যাস সংকটের কারণে মানুষের ভোগান্তির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ সংকটের জন্য তিনি বিগত ফ্যাসিবাদী সরকারকে দায়ী করে সমস্যা সমাধানে বর্তমান সরকার কাজ করছে বলে জানান।






















