জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল
- আপডেট সময় : ১২:৩৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। আগামী বছরের জানুয়ারিতে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই।
এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে বিভিন্ন কারণে সেই সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এখন সেই সিরিজ আগামী বছরের শুরুর দিকে আয়োজনের জন্য সময় খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিসিআইয়ের একটি সূত্র এএনআইকে জানিয়েছে, ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে দুই দেশের সরকারের সঙ্গে আলোচনা এখনও চলমান রয়েছে।
সূত্রটি বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে বিসিবিও আগামী বছরের শুরুতে একটি উপযুক্ত সময় খুঁজছে।’
এর আগে ২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরের কথা ছিল ভারতের। পরে সেটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। চলতি বছরের শুরুতে বিসিবি জানিয়েছিল, ঢাকা ও চট্টগ্রামে ভারত তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। তবে সফর নিয়ে বিসিসিআই এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
ভারত সিরিজ প্রসঙ্গে বিসিবি সভাপতি তামিম ইকবাল সম্প্রতি জানিয়েছিলেন, দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে। সূচির তারিখে কিছু পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশ সফরে এসেছিল ভারতীয় ক্রিকেট দল। এরপর দুই দেশের সম্পর্কের টানাপোড়েন ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে বাংলাদেশ সফরের সূচি পিছিয়ে যায়।
তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেপ্টেম্বরের সিরিজ আয়োজনের সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু নতুন করে অনিশ্চয়তা দেখা দেওয়ায় এখন জানুয়ারির সময়সূচির দিকেই তাকিয়ে আছে দুই দেশের ক্রিকেট বোর্ড।




















