জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আপডেট সময় : ০৫:৪৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
- / ১৬২৭ বার পড়া হয়েছে
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে জাতি। ভোরে প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং তারপরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বীর শহীদদের সম্মান জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তাঁরা। রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানোর পর, সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধ।
অন্ধকার মাড়িয়ে একটু একটু করে যখন আলোর প্রস্ফুটন; ঠিক সেই মুহুর্তে সাভার জাতীয় স্মৃতিসৌধে, বেজে উঠে বিউগলের করুণ সুর।
এসময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রথমে শ্রদ্ধা জানান, রাষ্ট্রপতি মো আবদুল হামিদ।
রাষ্ট্রপতির পরই শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতির বীর শহীদদের সম্মানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন ।
দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শ্রদ্ধা জানান জাতীর বীর শ্রেষ্ঠ সন্তানদের।
এরপরই বিভিন্ন দেশের কূটনীতিকরা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করেন।
এরপরই সবসাধারণের জন্য খুলে দেয়া হয় স্মৃতির মিনার।
পরে, বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে, সকাল ৬টা ৩৮ মিনিটে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।























