জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছে সাভার পৌরবাসী
- আপডেট সময় : ০৫:১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছে সাভার পৌরবাসী। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বেশিরভাগ এলাকা। অপরিকল্পিত নগরায়ন আর ড্রেনেজ অব্যবস্থাপনায় ভেঙ্গে পড়েছে প্রথম শ্রেনীর এ পৌরসভার নাগরিক সেবা। বেদখল হয়ে যাওয়া খাল-বিল উদ্ধারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় ঢাকা জেলার সাভার পৌরসভায় সাড়ে চার লাখ মানুষ বাস করে। কিন্তু, কালের পরিক্রমায় তা বর্তমানে ১০ লাখ ছাড়িয়েছে। জনবহুল এ পৌরসভায় উন্নয়নের মূল বাধা হয়ে দাঁড়িয়েছে পয়:নিষ্কাশন ব্যবস্থা।
বছর বছর কোটি কোটি টাকার বরাদ্দের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম হলেও জলাবদ্ধতা কমে না। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বেশিরভাগ এলাকার রাস্তা-ঘাট। এজন্য অপরিকল্পিত নগরায়ন ও পর্যাপ্ত ড্রেনের অভাবকেই দায়ি করছে ভুক্তভোগীরা। পৌরসভার খাল উদ্ধারে প্রশাসন মাঠে নেমেছে বলে জানান, মেয়র।
২০১৭-১৮ অর্থ বছরে বাজেটের ৩৭ কোটি ৩০ লাখ টাকার মধ্যে রাস্তা-ড্রেন নির্মানে বরাদ্দ দেয়া হয় ২৮ কোটি ৬০ লাখ টাকা। ২০১৮-১৯ সালে ৪০ কোটি, ২০১৯-২০ সালে ৫০ কোটি ও সবশেষ ২০২০-২১ সালে ৬৫ কোটি টাকা রাস্তা-ড্রেনের জন্য বরাদ্দ দেয় পৌরসভা। আসছে বাজেটেও এ খাতে বরাদ্দ ধরা হয়েছে ৯০ কোটি টাকা।
























