জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০২:২৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিপন্ন লাখ লাখ মানুষের পাশে দাঁড়াতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জলবায়ু সংক্রান্ত বিশ্বনেতাদের প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে পৃথিবী এক অন্যন্য ভবিষ্যতকে আলিঙ্গন করবে।
দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম বার্ষিক অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি আশা প্রকাশ করে বলেন, কপ-৩১ এই চ্যালেঞ্জ মোকাবেলা করবে এবং বাংলাদেশও তার ভূমিকা পালনে প্রস্তুত। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বাস করে, জলবায়ু কার্যক্রম কোনো ব্যয় নয়, এটি সমৃদ্ধি, স্থিতিশীলতা ও যৌথ ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বিনিয়োগ। সকলে মিলে একটি সবুজ, নিরাপদ, টেকসই এবং আরো ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তোলার ওপর এসময় গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
জলবায়ু সংক্রান্ত বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পানির প্রবাহ পুনরুদ্ধার, বন্যার ঝুঁকি হ্রাস এবং জলাভূমি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বাংলাদেশ আগামী ৫ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন করার পরিকল্পনা করেছে। এসময় তিনি ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।


























