চট্টগ্রাম বিমানবন্দরে সিগারেট ও আইফোনের বড় চালান জব্দ
- আপডেট সময় : ০৩:৫৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
সোমবার (১৭ আগস্ট) সকালে বিজি-১৪৮ ফ্লাইটে অভিযান চালিয়ে তিন যাত্রীর কাছ থেকে ৭৮২ কার্টন সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করা হয়। একই ফ্লাইটের মালিকানাবিহীন ব্যাগেজ থেকে আরও ১ হাজার ২০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দ করা হয়েছে ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইটটির যাত্রী ও ব্যাগেজে নজরদারি চালানো হয়। তিন যাত্রীর কাছ থেকে পৃথকভাবে ২৬৪, ২৪৬ ও ২৭২ কার্টন সিগারেট এবং মোট ১৩টি আইফোন পাওয়া যায়।
এ ছাড়া বিমানবন্দরের ২ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকায় পরিত্যক্ত অবস্থায় আরও ১ হাজার ২০ কার্টন প্লাটিনাম ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়।
জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৮ হাজার টাকা। এসবের ওপর প্রযোজ্য শুল্ক-কর প্রায় ৪ কোটি ৬০ লাখ টাকা। অন্যদিকে, ১৩টি আইফোনের আনুমানিক মূল্য ১২ লাখ ৩৫ হাজার টাকা এবং শুল্ক-কর প্রায় ৭ লাখ ২৪ হাজার টাকা।
সব মিলিয়ে জব্দ করা পণ্যের শুল্ক-করসহ আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা।





















