চট্টগ্রাম বন্দরে কর্মবিরতির কারণে বাড়ছে কনটেইনার জট
- আপডেট সময় : ০৪:০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৯১ বার পড়া হয়েছে
শ্রমিক-কর্মচারীদের কয়েক দিনের কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা ছড়িয়ে পড়েছে পুরো সরবরাহ ব্যবস্থায়। কাজ বন্ধ থাকায় বন্দরে কনটেইনার জট বাড়ছে আর আমদানি পণ্য ছাড়ে কমেছে গতি। পাশাপাশি নির্ধারিত সময়সূচিতে পাঠানো যাচ্ছে না রপ্তানি চালান। প্রতিদিনই বাড়ছে স্টোরেজ চার্জ, জাহাজের ডেমারেজ ও ট্রাকের জরিমানা।
প্রতিদিন চট্টগ্রাম বন্দর যেখানে সাধারণত ৮,০০০ থেকে ৯,০০০ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করে, সেখানে চলমান অচলাবস্থায় অন্তত ৫,০০০ টিইইউস হ্যান্ডলিং এবং প্রায় ৩,০০০ টিইইউস ডেলিভারি কম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর প্রভাবে বন্দরের ভেতরে এবং আশপাশের ইয়ার্ডগুলোতে তীব্র জট তৈরি হয়েছে। আর ৫০০০-এর বেশি আমদানি ও রপ্তানিমুখী পণ্যবোঝাই যানবাহন আটকা পড়েছে।
মিছিলসহ নানা কর্মসূচীতে কয়েকদিন ধরে উত্তাল বন্দর এলাকা। আন্দোলনকারীরা বলছেন এনসিটি বন্দরের সবচেয়ে লাভজনক টার্মিনাল। এখানে বিদেশি ব্যবস্থাপনার কোনো প্রয়োজন নেই। এদিকে, এনসিটি চুক্তির বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিযোগে কয়েক দফায় বন্দর কর্তৃপক্ষ বেশ কিছু কর্মকর্তা-কর্মচারীকে বদলিও করেছে।
এই অচলাবস্থার প্রভাব পড়েছে বেসরকারি কনটেইনার ডিপোগুলোতেও। বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন- বিকডা কতৃপক্ষ জানিয়েছে গত কয়েকদিনে আমদানি রপ্তানি মিলিয়ে কার্যক্রম ৪০ শতাংশের বেশি কমেছে।
এদিকে, শ্রমিকদলের ডাকা কর্মবিরতিতে অচলাবস্থার পর এ আন্দোলনের পেছনে বিশেষ মহলের ইন্ধন আছে কি-না সেই প্রশ্ন তুলেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
রমজানের আগে এ ধরনের আন্দোলন সঠিক হচ্ছে না বলেও মনে করছেন বন্দর কর্মকর্তারা।
















