গাজীপুরের ঢাকা-টাংগাইল মহাসড়কে ঈদযাত্রায় যানজটের আশঙ্কা
- আপডেট সময় : ০৪:৪৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ১৫৪০ বার পড়া হয়েছে
গাজীপুরের ঢাকা-টাংগাইল মহাসড়কের কয়েকটি পয়েন্টে ঈদযাত্রায় যানজটের আশঙ্কা করছেন যাত্রী ও চালকরা।এই মহাসড়কে ট্রাফিক আইন অমান্য, বেপরোয়া অটোরিকশা চলাচল, অবৈধ পার্কিং ও যত্রতত্র যাত্রী উঠানামার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চন্দ্রা ত্রিমোড়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তাসহ যানজট প্রবণস্থানগুলোয় যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে বিভিন্ন উদ্যোগ নেয়ার কথা জানালো পুলিশ।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় পার হয়ে উত্তরবঙ্গে চলাচল করে ১৮টি জেলার যানবাহন। ঈদ মৌসুমে কোনাবাড়ি, সফিপুরসহ বিভিন্ন স্থানে দেখা যায় গাড়ির লম্বা সারি। এতে বিড়ম্বনায় পড়েন ঘরমুখো মানুষ।
যাত্রী ও চালকরা বলছেন, অবৈধ গাড়ি পার্কিং, যত্রতত্র যাত্রী উঠানামার পাশাপাশি ট্রাফিক আইন না মানার কারণে চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানজট থাকে। এছাড়া বেপরোয়া অটোরিকশা চলাচল, ত্রুটিপূর্ণ লেনের কারণে গাড়ির গতি ধীর হয়ে পড়ে বলে অভিযোগ চালকদের।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় বিআরটি প্রকল্পের তিন নম্বর ফ্লাইওভারের কাজ এখন শেষ পর্যায়ে। শ্রমিকরা জানিয়েছেন, ঈদের আগেই এটি চালু করার পরিকল্পনা রয়েছে।
এবার ঈদযাত্রায় মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন জেলা ও মহানগর পুলিশ।
ঈদযাত্রায় চন্দ্রা ত্রিমোড় এলাকায় প্রতিদিন গড়ে ৫৫-৬০ হাজার যানবাহন চলাচল করে। ঈদের আগে যানজট প্রবণ এলাকায় বাড়তি প্রস্তুতি নেয়াসহ অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন যাত্রী ও চালকরা।
























