খুলনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মৎস্য অবমুক্তকরণ
- আপডেট সময় : ০৩:৪৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করে দৌলতপুর থানা বিএনপি।
নগরীর সরকারি ব্রজলাল (বিএল) কলেজ ও দিবা-নৈশ (ডে-নাইট) কলেজের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক মো. শফিকুল আলম তুহিন।
জনকল্যাণে মৎস্য অবমুক্তকরণ
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দেশকে সমৃদ্ধ ও স্বনির্ভর করতে দেশব্যাপী বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হচ্ছে। বিএনপি সবসময় সাধারণ মানুষের অধিকার ও জনকল্যাণের রাজনীতি করে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশের প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন থেকে শুরু করে খাল-বিল এবং নদী-নালায় এ ধরনের কর্মসূচি অব্যাহত রয়েছে। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের আমিষের চাহিদা পূরণে ভূমিকা রাখা সম্ভব হবে।
এস এম শফিকুল আলম মনা আরও বলেন, তারেক রহমান চান সাধারণ মানুষ সহজে আমিষের চাহিদা পূরণ করতে পারেন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, তখনই জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। মৎস্য অবমুক্তকরণও সেই ধারাবাহিকতার অংশ।
তিনি আশা প্রকাশ করেন, অবমুক্ত করা মাছগুলো বড় হলে স্থানীয় মানুষের খাদ্য চাহিদা পূরণে সহায়ক হবে। পাশাপাশি মৎস্যসম্পদ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডও গতিশীল হবে।
নেতাকর্মীদের উপস্থিতি
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা সরকারি ব্রজলাল (বিএল) কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম। এছাড়া খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, খান জাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস এবং সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।
এ সময় মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
























