খুলনা মহানগরসহ জেলায় নির্বাচনকে ঘিরে বাড়তি নিরাপত্তা
- আপডেট সময় : ০৩:৪২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৬১ বার পড়া হয়েছে
খুলনা মহানগরসহ জেলার ছয়টি সংসদীয় আসনের নির্বাচন উপলক্ষে প্রতিটি উপজেলার বাড়তি নিরাপত্তায় বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট। জোরদার করা হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের জন্য দেয়া হয়েছে বাড়তি পুলিশ, সাদা পোশাকের গোয়েন্দা, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স। প্রশাসনের মতে, উপকূলীয় কয়রা ও পাইকগাছা নিয়ে গঠিত খুলনা-৬ আসন বর্তমানে সবচে’ ঝুঁকিপূর্ণ।
জেলা ও মহানগর পুলিশের প্রতিবেদন অনুযায়ী, খুলনা-৬ আসনের প্রায় ৮৩ শতাংশ ভোটকেন্দ্রই কমবেশী ঝুঁকিপূর্ণ। পুরো জেলার মোট ৮৪০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬৬টি-ই অধিক অথবা অত্যধিক ঝুঁকিপূর্ণ, যা মোট কেন্দ্রের ৬৭ শতাংশ।
সবচে’ উদ্বেগজনক খুলনা-৬ আসনের ১৫৫টি কেন্দ্রের মধ্যে ১২৯টিই সর্বাধিক ঝুঁকিতে রয়েছে। বিপরীতে, নগরীর ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ড ও আড়ংঘাটা–যোগীপোলের একাংশ নিয়ে গঠিত খুলনা-৩ আসন তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ। খুলনা-৫ আসনের দাঁড়িপাল্লার প্রার্থীও ভোটের দিন কেন্দ্রের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানান।
খুলনার ৬টি আসনের ১৫৫ কেন্দ্রে ১১ হাজার আনসার, ১ হাজারের বেশি সেনা, নৌ, বিজিবি ও রেব-পুলিশসহ তিনস্তরের নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।
এদিকে, নির্বাচনে নজিরবিহীন নিরাপত্তার পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানোর কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকেও দেয়া ম্যাজিস্ট্রেসী ক্ষমতার গুরুত্বের কথা জানান খুলনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।
এবারের নির্বাচনে খুলনার ছয়টি আসনে মোট ভোটার সংখ্যা ২১ লাখ ১ হাজার।


















