খাল খনন কর্মসূচি পুনরায় চালুর প্রস্তুতি, কৃষিতে নতুন গতি ফেরাতে সরকারের উদ্যোগ
- আপডেট সময় : ০৩:৫০:১৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
স্বাধীনতার পর দেশে আবাদি জমির মাত্র ১৫ শতাংশ ছিল সেচের আওতায়। সেই সংকট মোকাবিলায় খাল খনন কর্মসূচি শুরু করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ১৯৭৭ থেকে ৮১ সালের মধ্যে শত শত প্রকল্পে হাজারো খাল খননের মাধ্যমে কৃষিতে আসে নতুন গতি। এবার সেই উদ্যোগ পুনরায় চালুর প্রস্তুতি নিয়েছে বর্তমান সরকার। শুরু হয়েছে তথ্য সংগ্রহ ও প্রকল্প প্রণয়নের কাজ।
সেদিন রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সঙ্গে ৫৫ কিলোমিটার দীর্ঘ পাথরাজ নদী খনন কার্যক্রমে সরাসরি অংশ নিয়েছিলেন তৎকালীন পঞ্চগড় মকবুলার রহমান কলেজের প্রভাষক মিজানুর রহমান। উদ্বোধনী সভায় তিনি পাঠ করেছিলেন মানপত্রও। বহু বছর পর সেই গর্বিত দিনের স্মৃতি এসএ টেলিভিশনের কাছে আবেগভরে স্মরণ করলেন তিনি।
জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে নদী-খাল খননের ঘোষণা আসায়, খুশি উত্তরের সব শ্রেনী পেশার মানুষ। তাদের আশা পিতার মত পুত্র তারেক রহমানও যেন আসেন খাল খনন করতে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অন্যতম প্রধান ইশতেহার ছিল নদী ও খাল খনন কর্মসূচি। সেই অঙ্গীকার বাস্তবায়নে জোর তৎপরতা চালাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। ইতোমধ্যে দেশজুড়ে পরিদর্শনে নেমেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
তিনি জানান, পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের ১৬ জেলার ৫০টিরও বেশি স্থানে সরাসরি নদী ও খাল খনন কার্যক্রমে অংশ নিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান।










