কোনো ধরণের ঘোষণা ছাড়াই পানির দাম বাড়ানোয় ক্ষুব্ধ খুলনা নগরবাসী
- আপডেট সময় : ০২:০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- / ১৭৭৩ বার পড়া হয়েছে
নতুন করে পানির দাম বাড়িয়েছে খুলনা ওয়াসা। আবাসিকে ২৩ দশমিক ৬ শতাংশ আর বাণিজ্যিকে ২৮ দশমিক ৫৮ শতাংশ বাড়ানো হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে নতুন দর কার্যকর হবে। কোনো ধরণের ঘোষণা না থাকায় ক্ষুব্ধ নগরবাসী। নাগরিক সংগঠনের প্রতিনিধিরা বলছে, দাম বাড়ানোর আগে গণশুনানি করা উচিত ছিল। ওয়াসা কর্তৃপক্ষের দাবি, রাজস্ব ঘাটতি কমাতে এই পদক্ষেপ।
পানি সরবরাহের দায়িত্বে থাকা খুলনা ওয়াসা গ্রাহক পর্যায়ে দাম বাড়িয়েছে সর্বোচ্চ ২৮ শতাংশ পর্যন্ত। আগামী ১লা সেপ্টেম্বর থেকে বর্ধিত মূল্য কার্যকর হবে। আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিট পানির জন্য দিতে হবে ৮ টাকা ৯৮ পয়সা। আর বাণিজ্যিক গ্রাহককে দিতে হবে ১৪ টাকা। সর্বশেষ মূল্য অনুযায়ী, আবাসিকে পানির দর ছিল ৬ টাকা ৯১ পয়সা এবং বাণিজ্যিক ১০ টাকা। একই সাথে বেড়েছে সংযোগ মূল্য। সাথে রয়েছে সার্ভিস,ডিমান্ড চার্জ ও ভ্যাট। এ নিয়ে ৭ বছরে ৬ দফা পানির দাম বাড়ালো ওয়াসা।
দাম বাড়লেও পানির অপর্যাপ্ত সরবরাহ, ময়লা আর দুর্গন্ধ নিয়ে অসন্তুষ্ট বেশির ভাগ গ্রাহক। সমস্যা না মিটিয়ে, পানির মূল্য বাড়ানোয় ক্ষুব্ধ নগরবাসী।
নাগরিক সংগঠনের প্রতিনিধিরা বলছেন, দাম বাড়ানোর আগে অবশ্যই গ্রাহকদের নিয়ে গণশুনানি করা উচিত ছিল। মূল্যস্ফীতির চাপে পিষ্ট মানুষের ওপর অতিরিক্ত এই দাম মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো।
ওয়াসা কর্তৃপক্ষ বলছে, প্রতি মাসে রাজস্ব ঘাটতি ৮৪ লাখ টাকা। নিজস্ব আয় না বাড়ালে ভর্তুকি বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়। এজন্য বোর্ড সদস্যদের মতামতের ভিত্তিতে পানির দাম বাড়ানো হয়েছে
পানির মূল্য বৃদ্ধির আগে সেবার মান বৃদ্ধি, ময়লা দুর্গন্ধমুক্ত ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার দাবি নগরবাসীর।



























