কালুরঘাট বেতার কেন্দ্রে আধুনিক স্মৃতি জাদুঘর করার উদ্যোগ সরকারের
- আপডেট সময় : ০৫:৩৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে আধুনিক স্মৃতি জাদুঘর করার উদ্যোগ নিচ্ছে সরকার। একইসঙ্গে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস সংরক্ষণ, শহীদ জিয়ার ভাস্কর্য নির্মাণসহ ঐতিহাসিক সম্প্রচার সরঞ্জামও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর সংস্কারের পাশাপাশি হেরিটেজ ঘোষণার উদ্যোগ নেয়া হচ্ছে।
১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর আক্রমণের পর সমগ্র দেশে যখন নেতৃত্বশূন্যতা ও অনিশ্চয়তা বিরাজ করছিল, তখন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা প্রদান করেন।
এই ঘোষণার মাধ্যমে মুক্তিযুদ্ধে নতুন গতি সঞ্চার হয় এবং জনগণের মধ্যে সাহস ও উদ্দীপনা ফিরে আসে। স্বাধীনতার এই গৌরবময় ইতিহাস সংরক্ষণে কালুরঘাট বেতার কেন্দ্র এবং শহীদ জিয়ার স্মৃতিকে সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়। ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের স্মৃতি ও বীরত্বগাঁথা তুলে ধরতে নানা উদ্যোগের কথা জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী ।
অন্যদিকে ইতিহাসের প্রামাণ্য দলিল সংরক্ষণ করে আসা জিয়া স্মৃতি জাদুঘরকে হেরিটেজ ঘোষণার উদ্যোগ নেয়া হচ্ছে। ১৯৯৩ সালের ৬ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া জিয়া স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন। ৩ দশমিক ১৭ একর জায়গা নিয়ে জিয়া স্মৃতি জাদুঘরটির অবস্থান। গেল বছরের ডিসেম্বরে ভূমিকম্পে জাদুঘর ভবনে ফাটল দেখা দেয় এবং কয়েকটি জায়গায় পলেস্তারার কিছু অংশও খসে পড়ে।
কালুরঘাট বেতার কেন্দ্র এবং জিয়া স্মৃতি জাদুঘরকে সমন্বিতভাবে একটি ব্যবস্থাপনায় আনার ভাবনার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা।





















