করোনা উপসর্গ নিয়ে পাঁচ জেলায় আরো ১৫ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৬:৫৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০
- / ১৬০৪ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে কুমিল্লায় ৬ জনসহ পাঁচ জেলায় আরো ১৫ জনের মৃত্যু হয়েছে।
গেল ২৪ ঘন্টায় কুমিল্লায় করোনা উপসর্গে ৬ জন মারা গেছে। এদের মধ্যে ১ জন মহিলা। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ডা. মুক্তা রাণী জানান, মৃত ৬ জনই জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
ময়মনসিংহে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এরা হলেন- ভালুকার মসজিদের ইমাম আব্দুল জলিল, গফরগাঁও উপজেলার গোলাম মোস্তফা ও আফাজ উদ্দিন এবং গৌরীপুর উপজেলার বৃদ্ধা আমেনা খাতুন।
মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে গতরাতে সদর হাসপাতালে চিকিৎসাধীন পাকদী এলাকার মোহাম্মদ ইয়াহিয়া হাওলাদার মারা গেছেন। ইয়াহিয়া হাওলাদার জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তার অবস্থার অবনতি হলে সোমবার মাদারীপুর সদর হাসপাতালে ভর্তির পর রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরও দু’জনের মৃত্যু হয়েছে। তারা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে সাতক্ষীরা জেলায় করোনা উপসর্গে মোট ১৯ জনের মৃত্যু হলো।
ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে সাবেক পৌর কমিশনার তোফাজ্জেল হোসেন ও জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন পাটোয়ারীর মৃত্যু হয়েছে। বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ তাদের মৃত্যু হয়।
























