এশিয়ান কাপে চীনের সাথে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল
- আপডেট সময় : ০৯:০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
শক্তিশালী চীনের সাথে লড়াই করেই হারলো বাংলাদেশ নারী ফুটবল দল। এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে হেরেছে আকিদা-ঋতুপর্ণা চাকমারা। সিডনির কম ব্যাংক স্টেডিয়ামে প্রথমার্ধে লড়াই করেও শেষ মুহুর্তে দুই গোল হজম করে আর ম্যাচে ফিরতে পারেনি টাইগ্রেসরা। তবে দ্বিতীয়ার্ধে চীনকে গোল বঞ্চিত রাখাও স্বস্তি বাংলাদেশের।
ঐতিহাসিক ম্যাচে ভিন্ন অভিজ্ঞতার সাক্ষি। ঐতিহ্য, অর্জন, অভিজ্ঞতা, শক্তি-সামর্থ্যে চীন যে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে তা বলার অপেক্ষা রাখে না। কিন্ত ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের সাথে লড়াই করেছে বাংলাদেশ। যদিও ম্যাচ শেষে ২-০ গোলের আক্ষেপ লাল-সবুজ দলের।
সিডনির কম ব্যাংক স্টেডিয়ামে মুখোমুখি চীন-বাংলাদেশ। শুরু থেকেই প্রতিপক্ষের আক্রমণ আটকাতে ব্যস্ত বাংলাদেশ রক্ষণ, স্বরুপে ফিরেছে সময়ের ব্যবধানে। ম্যাচের ৫ মিনিটে চীনের প্রথম শট সফল হয়নি, ১২ মিনিটে অল্পের জন্য রক্ষা বাংলাদেশের।
১৪ মিনিটে প্রতিপক্ষ শিবিরে কাপ ধরায় বাংলাদেশ। ঋতুপর্ণা চাকমার দূরপাল্লার শট কোন মতে ঠেকিয়ে দেন চীন গোলরক্ষক। গোল বঞ্চিত হয় লাল-সবুজ।
২৪ মিনিটে গোল হজম করলেও ভিএআরের কল্যাণে রক্ষা পায় বাংলাদেশ। প্রতিপক্ষের গোল বাতিল হয় অফসাইডের কারণে।
তবে প্রমার্ধের শেষ মুহুর্তে আর পেরে উঠেনি বাটলার শিষ্যরা। ৪৪ থেকে ৪৬ এর মধ্যে দুই গোল হজম করে বাংলাদেশ। ভেঙে পড়ে প্রতিরোধে দেয়াল।
দুই পরিবর্তন নিয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামে বাংলাদেশ, দেয় ঘুরে দাঁড়ানোর আভাস। যদিও ফিনিশিং ব্যর্থতায় গোল আদায় করতে পারেনি বাটলারের শিষ্যরা।
বেশ কয়েকবার আক্রমণে গিয়েছে চীনও। তবে বাংলাদেশ রক্ষণ আর গোলরক্ষকের দূঢ়তায় সফল হয়নি বর্তমান চ্যাম্পিয়নরা।
শেষ পর্যন্ত আর পরিবর্তন হয়নি স্কোরলাইন। ২-০ গোলের জয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে চীনকে। হেরেও কোটি ভক্তের হৃদয় জিতেছে বাংলাদেশের মেয়েরা।























