একাদশে ভর্তিতে আসন সংকট নেই, খালি থাকবে কয়েক লাখ
- আপডেট সময় : ০৩:৪৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর শুরু হচ্ছে একাদশ শ্রেণিতে ভর্তির প্রস্তুতি। তবে এবার একাদশে ভর্তিতে আসন সংকটের কোনো আশঙ্কা নেই। বরং সারা দেশে কয়েক লাখ আসন খালি থাকার সম্ভাবনা রয়েছে।
শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৬ শিক্ষাবর্ষে দেশের কলেজ ও মাদ্রাসাগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট আসন রয়েছে প্রায় ২৫ লাখ। বিপরীতে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী। ফলে সব উত্তীর্ণ শিক্ষার্থী ভর্তি হলেও বিপুলসংখ্যক আসন ফাঁকা থাকবে।
এবারও লটারি বা ভর্তি পরীক্ষা ছাড়াই এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে একাদশে শিক্ষার্থী ভর্তি করা হবে। শিক্ষার্থীর ফলাফল, সংশ্লিষ্ট কলেজের নির্ধারিত যোগ্যতা, আসনসংখ্যা ও পছন্দক্রমের ভিত্তিতে কেন্দ্রীয়ভাবে কলেজে আসন বরাদ্দ দেওয়া হবে।
সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে একাদশে ভর্তি নিয়ে এসব তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। এতে কোনো লটারি বা ভর্তি পরীক্ষা থাকবে না।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনও জানান, আগের পদ্ধতিতেই একাদশ শ্রেণিতে ভর্তি নেওয়া হবে। অর্থাৎ এসএসসি ও সমমানের পরীক্ষার নম্বর বা জিপিএর ভিত্তিতে শিক্ষার্থীরা কলেজে ভর্তির সুযোগ পাবে।
পছন্দের কলেজে থাকবে প্রতিযোগিতা
দেশে সামগ্রিকভাবে আসন সংকট না থাকলেও পছন্দের কলেজে ভর্তির ক্ষেত্রে প্রতিযোগিতা থাকবে। বিশেষ করে রাজধানী ও বড় শহরের নামি কলেজগুলোতে নির্ধারিত আসনের তুলনায় আবেদনকারী বেশি হওয়ায় ভালো ফল করা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা হবে।
একটি কলেজে আসনের চেয়ে আবেদন বেশি হলে সংশ্লিষ্ট কলেজের নির্ধারিত যোগ্যতা পূরণকারী শিক্ষার্থীদের মধ্যে ফলাফলে এগিয়ে থাকা শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে। একই সঙ্গে আবেদনকারীর পছন্দক্রমও বিবেচনায় নেওয়া হবে। প্রথম পছন্দের কলেজে সুযোগ না পেলে পরবর্তী পছন্দের কলেজে আসন পাওয়ার সুযোগ থাকবে।
বোর্ড কর্মকর্তারা বলছেন, শিক্ষার্থীদের কলেজ নির্বাচনের সময় শুধু একটি প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করে ফলাফল ও যোগ্যতার সঙ্গে সামঞ্জস্য রেখে একাধিক পছন্দ দেওয়া উচিত।
কম পাসের হারে বাড়তে পারে খালি আসন
চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার একাদশে আরও বেশি আসন খালি থাকার সম্ভাবনা রয়েছে। কারণ, দেশের মোট আসনসংখ্যার তুলনায় এবার উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম।
একাদশ শ্রেণিতে ভর্তির বিস্তারিত নীতিমালা ও নির্দেশনা শিগগিরই প্রকাশ করা হবে। পুরো ভর্তি কার্যক্রম আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার কথা রয়েছে।





















