ইসি গঠনের প্রক্রিয়া ত্রুটিপুর্ণ : অভিমত বিশ্লেষকদের
- আপডেট সময় : ০৭:২৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১২ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি নিয়োগের প্রক্রিয়াকে ত্রুটিপুর্ণ হিসেবে দেখছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও রাজনীতি বিশ্লেষকরা। তারপরও কমিটির সদস্যরা দলমতের উর্দ্ধে উঠে নিরপেক্ষভাবে ইসি গঠনে সক্রিয় হবেন বলে আশা করেন তারা। বিদায়ী নির্বাচন কমিশনের ব্যর্থতায় আস্থার সংকট তৈরী হয়েছে। আস্থা অর্জনই প্রধান চ্যালেঞ্জ হয়ে উঠবে বলেও মনে করেন নির্বাচন বিশ্লেষকরা।
চলতি মাসেই শেষ হচ্ছে নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ। সাংবিধানিক এই পদের শুন্যতা পূরনে নতুন নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে দক্ষ ব্যক্তিদের খুঁজে বের করতে সার্চ কমিটিও গঠন করা হয়েছে।
ইতিমধ্যে নতুন এই কমিটির প্রতি নিজেদের অনাগ্রহের কথা জানিয়েছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। তড়িঘড়ি আইন প্রণয়নসহ সার্চ কমিটি গঠনের প্রক্রিয়ার সমালোচনাও করছেন রাজনীতি বিশ্লেষকরা।
বিতর্কিত কর্মকান্ডে বিদায়ী নির্বাচন কমিশন সাধারণ মানুষের আস্থা হারিয়েছে। আস্থা ফেরাতে সার্চ কমিটিকে অনেক বেশি সক্রিয় হতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
তাদের মতে, নতুন কমিশনের নাম প্রস্তাবের আগে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মতামত নেয়া উচিৎ। এমনকি সুশীল সমাজকেও এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা দরকার।
তত্বাবধায়ক সরকার প্রথা বাতিল হওয়ার পর কোন নির্বাচনই বিতর্কমুক্ত হয়নি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইসির চেয়ে সরকারের রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মনে করেন তারা।





















