ইরানের পাল্টা হামলায় বিপুল মার্কিন সেনা নিহতের দাবি আইআরজিসির
- আপডেট সময় : ১২:৪৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন হামলার জবাবে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটি জানিয়েছে, জর্ডানের আকাবা উপকূলে একটি মার্কিন মেরিন ব্যারাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে বিপুলসংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে তারা।
আকাবায় মার্কিন মেরিন ব্যারাকে হামলার দাবি
আইআরজিসির দাবি, হামলায় কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ও অ্যাটাক হেলিকপ্টার ধ্বংস হয়েছে। তবে এসব দাবির বিষয়ে এখনো স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘মার্কিন সন্ত্রাসী শত্রুর’ হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনীর চূড়ান্ত অভিযান শুরু হয়েছে। অঞ্চলজুড়ে মার্কিন ঘাঁটি ও স্বার্থ এখন ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হচ্ছে বলেও দাবি করেছে সংস্থাটি।
বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার অভিযোগ
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিকে একটি আবাসিক বাড়িতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। আইআরজিসির দাবি, ওই বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল।
সংস্থাটির ভাষ্য অনুযায়ী, হামলায় এক শিশুসহ ৫০ জনের বেশি মানুষ হতাহত হয়েছেন। এ ঘটনার পরই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর ঘোষণা দেয় আইআরজিসি।
মিনাব ও লামার্দের হামলার প্রসঙ্গ
ইরানি এই বাহিনী আরও দাবি করেছে, বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনা মিনাব স্কুল ও লামার্দ স্পোর্টস হলে হামলার ‘বর্বরতাকে পুনরুজ্জীবিত করেছে’।
আইআরজিসির ভাষ্য, ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সরাসরি মোকাবিলায় অক্ষম মার্কিন বাহিনী। এ কারণে তারা দূর থেকে হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেছে সংস্থাটি।
দাবির স্বাধীন সত্যতা মেলেনি
তবে আইআরজিসির মার্কিন সেনা নিহত এবং সামরিক স্থাপনা ও অ্যাটাক হেলিকপ্টার ধ্বংসের দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।






















