ইরান-আমেরিকার আলোচনা ব্যর্থ হওয়ায় মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা
- আপডেট সময় : ০৪:৩২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / ১৫৬০ বার পড়া হয়েছে
পাকিস্তানে ইরানের সঙ্গে আমেরিকার শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ফের উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। বিবিসি এক প্রতিবেদেনে বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা কোনো নতুন চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর এবং ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দর অবরোধ করার ঘোষণা দেওয়ায় সোমবার এশিয়ার জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।
বিশ্বব্যাপী বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৮.৫ শতাংশ বেড়ে ১০২.৩৭ ডলারে দাঁড়িয়েছে, অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৯ শতাংশ বেড়ে ১০৫.৩৪ ডলার হয়েছে। আলোচনা ব্যর্থ হওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
ওয়াশিংটন ও তেহরান শর্তসাপেক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার পর গত বুধবার তেলের দাম ১০০ ডলারের অনেক নিচে নেমে গিয়েছিল। এই চুক্তির আওতায় গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথ হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।
বিবিসি বলছে, যে প্রণালি দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ জ্বালানি চালান যায়, সেটি ইরান যুদ্ধের একটি প্রধান সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
























