আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০৩:৪৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ১৫৬১ বার পড়া হয়েছে
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় পুলিশের এএসআই আমির হোসেন ও কনেস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. হাসিবুর রশিদ ও আরও দুই শিক্ষককে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে তিন পুলিশ সদস্যকে।
এ ছাড়া রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতি পমেল বড়ুয়াকে ১০ বছর, স্বাচিপের রংপুরের সভাপতি ডাক্তার মো. সারোয়াত হোসেন ওরফে চন্দনকে ৫ বছর, আরএমপির সাবেক কমিশনার মো. মনিরুজ্জামান ওরফে বেল্টুর ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আর বেরোবির সাবেক প্রক্টর মো শরীফুল ইসলামকে খালাস পেয়েছেন। দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণা করেন।
এরআগে আবু সাঈদকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার আসামিদের ট্রাইব্যুনালে তোলা হয়। এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রংপুরের পুলিশ কমিশনারসহ মোট আসামি ৩০ জন।
২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে মারা যান আবু সাঈদ। তার হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে গেল বছরের ৬ আগস্ট অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার।

























