আজ ২১ আগস্ট; বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার দিন
- আপডেট সময় : ০১:৪২:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
আজ ২১ আগস্ট। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার দিন। ১৭ বছরেও শেষ হয়নি মামলার বিচারিক কার্যক্রম। মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল হাইকোর্টে শুনানির অপেক্ষায়। চলছে পেপারবুক যাচাই-বাছাইয়ের কাজ।
এবছরই শুনানি শেষ করতে চান অ্যাটর্নি জেনারেল। তবে, ভার্চুয়াল আদালতের শুনানিতে ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা আসামিপক্ষের আইনজীবীর। বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে শেখ হাসিনার বক্তৃতা শেষ করার পরই গ্রেনেড হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ। এতে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী রহমানসহ নিহত হন ২৪ জন। শেখ হাসিনাসহ আহত হন কয়েকশ নেতাকর্মী। ঘটনার ১৪ বছর পর, ২০১৮ সালের ১০ অক্টোবর আসে হত্যা ও বিস্ফোরক মামলার রায়। এতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও হারিছ চৌধুরীসহ ১৯ জনের হয় যাবজ্জীবন কারাদণ্ড। ১১ জনের সাজা হয় নানা মেয়াদে। এরপর মামলার সব নথি পাঠানো হয় হাইকোর্টে।






















