আগস্টের মধ্যেই ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালুর ঘোষণা : সড়ক পরিবহণ মন্ত্রী
- আপডেট সময় : ০৮:২৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ১৫৬১ বার পড়া হয়েছে
পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে দেশে আন্তর্জাতিক মানের ‘মাল্টি-মোডাল’ যোগাযোগ পদ্ধতি চালু এবং আগামী আগস্টের মধ্যেই ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম। দুপুরে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, একে অপরের প্রতিপক্ষ হয়ে নয়, বরং মালিক ও শ্রমিকদের সাথে নিয়ে সমন্বিত উদ্যোগে পরিবহন সেক্টরে কঠোর শৃঙ্খলা আনা হবে। এই খাতে কোনো বিশেষ শ্রেণীকে লালন করা হবে না, প্রাধান্য পাবে কেবলই জনআকাঙ্ক্ষা।
রেল যোগাযোগ নিয়ে তিনি জানান, ঢাকা-পাবনা রুটের ইঞ্জিন প্রস্তুত আছে এবং আগামী মাসে কোচ এলেই অগ্রাধিকার ভিত্তিতে সরাসরি ট্রেনটি চালু হবে। এছাড়া ঢাকার সাথে সহজ যোগাযোগের জন্য আরিচা-খাসচর সড়ক প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি ও ডিপিপি প্রণয়নের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। মতবিনিময় সভায় পাবনার বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
























