আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসানোর এজেন্ডা বাস্তবায়ন করছে নির্বাচন কমিশন : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০১:৩১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
- / ১৬৯১ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশনের ডাকা সংলাপে বিএনপি অংশ নেবে না বলে আবারো জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ইসির সংলাপে অধিকাংশ আমন্ত্রিতদের অনুপস্থিতিই প্রমাণ করে নির্বাচন কমিশন নিয়ে সুশীল সমাজের আগ্রহ নেই।
সকালে জিয়া পরিষদের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেন তিনি। ফখরুল বলেন, বর্তমান সরকারকেই ফের ক্ষমতায় রাখার এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে এই নির্বাচন কমিশন। এখন পর্যন্ত জনগণের আস্থা অর্জনে কোন কাজ করতে পারেনি তারা। তাই এই কমিশনের ওপর জনগণের মতো বিএনপিরও কোন আস্থা নেই। সরকারের গ্যাসের দাম বৃদ্ধির প্রক্রিয়ার সমালোচনা করেন মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার গণবিরোধী হওয়ায় জনগণের স্বার্থ না দেখে একতরফাভাবে গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে। যা বাস্তবায়ন হলে নিত্যপণ্যের বাজারে আরো অস্থিরতা তৈরি হবে বলে মন্তব্য করেন তিনি।























