আইসিজেতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় অক্টোবরে আসতে পারে
- আপডেট সময় : ১২:৫৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
রোহিঙ্গা সংকট ও আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে চলমান গণহত্যা মামলার অগ্রগতি নিয়ে গাম্বিয়ার সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ২৩তম ওআইসি জরুরি পররাষ্ট্রমন্ত্রী পরিষদ সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী দাউদা এ জালোর বৈঠক হয়। বৈঠকে আইসিজে মামলার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
২০২৬ সালের অক্টোবরে আসতে পারে রায়
বৈঠকে দাউদা এ জালো জানান, মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে দায়ের করা মামলার রায় ২০২৬ সালের অক্টোবর মাসে ঘোষণার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার দায় নির্ধারণে আইসিজের এই রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী ও টেকসই সমাধানের পথ তৈরিতেও এ রায় বড় প্রভাব ফেলতে পারে।
গাম্বিয়ার নেতৃত্বের প্রশংসা বাংলাদেশের
বৈঠকে হুমায়ুন কবির রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে আইসিজেতে মামলা পরিচালনায় গাম্বিয়ার নেতৃত্বের প্রশংসা করেন।
তিনি বলেন, রোহিঙ্গা সংকটের সমাধানে বাংলাদেশ ও গাম্বিয়ার মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন। আন্তর্জাতিক অঙ্গনে এ সংকটকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন নিশ্চিত করতে দুই দেশের সমন্বয় গুরুত্বপূর্ণ।
বৈশ্বিক এজেন্ডায় রোহিঙ্গা ইস্যু রাখতে জোর
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনের সময় রোহিঙ্গা ইস্যুকে বৈশ্বিক এজেন্ডায় সক্রিয় রাখতে এবং সংকট সমাধানের প্রচেষ্টা এগিয়ে নিতে বাংলাদেশ-গাম্বিয়া সহযোগিতা অব্যাহত রাখা জরুরি।




















