অবশিষ্ট বাকস্বাধীনতা কেড়ে নিতে নতুন নীতিমালা হচ্ছে : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৮:২৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে দেশের মানুষ ও গণমাধ্যমের বাকস্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। এখন অবশিষ্টটুকু কেড়ে নিতে সরকার নতুন নীতিমালা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, এক ব্যক্তি দ্বারা দেশ স্বাধীনতা অর্জন করেনি। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
শনিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বিটিআরসি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নতুন নীতিমালা প্রণয়ন করছে। নীতিমালাটি সংবিধানের সাথে সাংঘর্ষিক ও মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। এটি কার্যকর হলে দেশের জনগণ ও দেশি-বিদেশি অনলাইনগুলোর মত প্রকাশের স্বাধীনতাও খর্ব হবে।
জাতীয় প্রেস ক্লাবে ব্যারিস্টার মওদুদ আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী অভিযোগ করেন, মুক্তিযুদ্ধকে এক ব্যক্তির ইতিহাসে পরিণত করা হয়েছে।
মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া অনেকের অবদান সরকার স্বীকার করে না বলে ক্ষোভ জানান, ডা. জাফরুল্লাহ।





















