অনেক প্রতীক্ষার পর পিএসজির জার্সিতে অভিষেক হলো লিওনেল মেসির
- আপডেট সময় : ০১:৫৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
অনেক প্রতীক্ষার পর পিএসজির জার্সিতে অভিষেক হলো লিওনেল মেসির। ম্যাচের ৬৬ মিনিটে নেইমারের বদলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টাইন তারকা। তবে, অভিষেক ম্যাচ গোল পাননি এলএমথার্টি। যদিও রেইমসকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। জোড়া গোলে ম্যাচ জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে। এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এলো প্যারিসিয়ানরা।
বার্সেলোনার পুরোনো বন্ধু ও সতীর্থের সঙ্গে খেলবেন নেইমার। ইচ্ছেটা মনে পুষে রেখেছেন কয়েক মৌসুম। অথচ ম্যাচের ৬৬ মিনিটে লিওর অভিষেকের মুহুর্তে একসঙ্গে মাঠে থাকা হলো না ব্রাজিল তারকার। নেইমারের বদলি হিসেবেই যে মাঠে নামলেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর।
টিভি সেটে নীল জার্সি পড়া মেসিকে শুরুতে খুঁজে নিতে কষ্ট হলেও মনোযোগের কেন্দ্রে আসতে সময় লাগেনি বেশিক্ষণ। ম্যাচের ৭৭ মিনিটে সেই চিরচেনা মেসি। নতুন সতীর্থ এমবাপ্পেকে বাড়িয়ে দিয়েছিলেন বল। তবে গোলের সুযোগটা কাজে লাগেনি।
অবশ্য তা নিয়ে বাড়তি কোনো চাপ ছিলো না এমবাপ্পের। ম্যাচের ১৬ মিনিটে এই ফরাসীর গোলেই প্রতিপক্ষ রেইমসের মাঠে লিড পায় পিএসজি। ডি মারিয়ার ক্রিসে মাথা ছোঁয়ান ফরাসী তারকা।
ম্যাচের ৩৯ মিনিটে অবশ্য সমতায় ফিরতে পারতো রেইমস। ভাগ্যদেবী সহায় ছিলোনা রেইমসের।
তবে, বিরতির পর গোল মুখ অক্ষত রাখতে পারেনি পিএসজি গোলরক্ষক নাভাস। ৫১ মিনিটে স্বাগতিকদের হয়ে লক্ষ্যভেদ করেন মুনেতসি। তবে ভিএআর এ যাত্রায় বাঁচিয়ে দেয় অতিথিদের।
উল্টো ৬৩ মিনিটে আবারও এগিয়ে যায় প্যারিসিয়ানরা। আবারও চিত্রপটে এমবাপ্পে। আশরাফ হাকিমির অ্যাসিস্টে নিজের জোড়া পূরণ করেন এই তারকা।
বাকি সময়ে মেসি এমবাপ্পেরা ত্রাস ছড়ালেও আর গোল পায়নি পিএসজি। ৩১ মিনিট খেলে কোনো গোল করতে পারেনি মেসি। তাতে নিজেদর অভিষেক হয়তো ম্লান, তবে, জয় দিয়ে পিএসজি জার্সিতে শুভ সূচনা করলেন আর্জেন্টাই তারকা।






















