সোশ্যাল মিডিয়ায় যারা গুজব ছড়াবে তাদের দিকেও নজর রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২৩:১০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
- / ১৮১৩ বার পড়া হয়েছে
মুজিববর্ষকে ঘিরে নাশকতা প্রতিরোধই শুধু নয়, সোশ্যাল মিডিয়ায় যারা গুজব ছড়াবে তাদের দিকেও নজর রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত উপকমিটির সভা শেষে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুজিববর্ষের অনুষ্ঠানের প্রতিটি স্তরেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এখন পর্যন্ত নাশকতার কোনো আশঙ্কা নেই। গোয়েন্দা সংস্থাও এ ব্যাপারে কিছু জানায়নি। এমন কিছু হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিস এবং মেডিকেল টিম সব সময় প্রস্তুত থাকবে। দেশব্যাপী সিটি করপোরেশন, বিভাগীয়, জেলা এবং উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নিরাপত্তা উপকমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীগুলো যখনই প্রয়োজন হবে সভা করবেন।


























