দেশের হাসপাতালে ভর্তি সন্দেহভাজন পাঁচ করোনা রোগীর ব্যাপারে সরকার এখনো নিশ্চিত নয়
- আপডেট সময় : ১০:৫৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
দেশের হাসপাতালে ভর্তি সন্দেহভাজন পাঁচ করোনা রোগীর ব্যাপারে সরকার এখনো নিশ্চিত নয় বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। এ নিয়ে আতঙ্কিত হওয়ারও কিছু নেই দাবি করে তিনি বলেন, সরকারি বড় হাসপাতালগুলোতে খোলা হচ্ছে করোনা ইউনিট। জেলা-উপজেলায় কমিটি গঠন করা হয়েছে বলে জানান মন্ত্রী। সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
চীন থেকে করোনা এখন ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। ভারতের কয়েকটি জায়গায় আক্রান্তের খবর পাওয়া গেছে। একারণে বাড়তি সতর্কতা বাংলাদেশের। সচিবালয়ে করোনা প্রতিরোধের প্রস্তুতি নিয়ে সভা হয়। এতে বিভিন্ন হাসপাতাল ও বিভাগের কর্মকর্তারা অংশ নেন।
পরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে জানান, আক্রান্তদের সেবা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ। ইতোমধ্যে জেলা-উপজেলায় কমিটি করা হয়েছে। বড় হাসপাতালগুলোতে আলাদা ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।
মুজিববর্ষে আমন্ত্রিত অতিথিদের স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি মন্ত্রী। তবে, সন্দেহভাজন পাঁচ আক্রান্তের বিষয়ে এখনো নিশ্চিত নন বলে জানান তিনি। নাগরিকদের কিছু বাড়তি সতর্কতা মেনে চলার আহবান জানান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

























