দেশের চাহিদা মিটিয়ে মাংস রফতানির উদ্যোগ নেয়া হবে: প্রাণিসম্পদ টুকু
- আপডেট সময় : ১২:১১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / ১৫২৬ বার পড়া হয়েছে
দেশের মাংসের চাহিদা পূরণে খামারিদের উৎসাহিত করতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা দিচ্ছে। ভবিষ্যতে দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বাজারে মাংস রফতানির উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালির উদ্বোধনী পর্বে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ খাতের সঙ্গে যুক্ত খামারি ও উদ্যোক্তাদের আয় বাড়াতে উৎপাদন সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, মানুষের চাহিদা অনুযায়ী প্রাণিজ পণ্যের উৎপাদন বাড়াতে হবে। একই সঙ্গে উৎপাদন ও সরবরাহব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক ও সমৃদ্ধ করতে সরকার কাজ করছে।
মধ্যপ্রাচ্যে গরুর মাংস রপ্তানিতে গুরুত্ব
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের গরুর মাংস আন্তর্জাতিক বাজারে রপ্তানির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের গরুর মাংস রপ্তানির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে চায় সরকার। এর মাধ্যমে দেশের আয় বাড়ানোর পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব হবে।
সংশ্লিষ্টদের মতে, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গবাদিপশু পালন, দুধ ও মাংস উৎপাদনসহ বিভিন্ন কার্যক্রমের সঙ্গে বিপুলসংখ্যক মানুষ যুক্ত রয়েছেন।
এ খাতের উৎপাদন বাড়ানো গেলে স্থানীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির সুযোগও বাড়তে পারে। তবে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনের মান, নিরাপদ খাদ্য এবং প্রক্রিয়াজাতকরণে গুরুত্ব দেওয়া প্রয়োজন।




















