রোহিঙ্গা গণহত্যার রায়ের সব নির্দেশনা মানবে না মিয়ানমার, জানালেন মিন অং হ্লাইং
- আপডেট সময় : ১১:৩৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / ১৫২৮ বার পড়া হয়েছে
রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়ের সব নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন করবে না দেশটির সামরিক বাহিনীসমর্থিত সরকার। মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং জানিয়েছেন, দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলেও যেসব নির্দেশনাকে সরকার ‘অনুপযুক্ত’ মনে করবে, সেগুলো মানতে রাজি নয় তারা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মন্ত্রিসভার এক বৈঠকে প্রেসিডেন্ট মিন অং হ্লাইং সরকারের এই অবস্থানের কথা তুলে ধরেন। তবে আইসিজের কোন কোন নির্দেশনাকে সরকার অনুপযুক্ত মনে করছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এর আগে বুধবার (২৫ নভেম্বর) আইসিজের রায়কে মিয়ানমারের বিরুদ্ধে ‘একপাক্ষিক অভিযোগ’ হিসেবে আখ্যা দেন মিন অং হ্লাইং। তাঁর দাবি, রায়ে ‘গণহত্যা’ শব্দটির ব্যবহার আন্তর্জাতিক অঙ্গনে মিয়ানমারের ভাবমূর্তির ব্যাপক ক্ষতি করেছে।
উল্লেখ্য, গত সপ্তাহে জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক ঐতিহাসিক রায়ে জানায়, ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর পরিচালিত অভিযানে গণহত্যার ঘটনা ঘটেছে।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ওই অভিযানে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজারো রোহিঙ্গা বেসামরিক মানুষকে হত্যা করে। এ ছাড়া ব্যাপক যৌন সহিংসতা এবং শিশুদের ওপর চরম নির্যাতনের ঘটনাও ঘটে।
আইসিজের এই রায়ের পর মিয়ানমার সরকারের এমন অবস্থান রায় বাস্তবায়ন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর ন্যায়বিচার পাওয়ার প্রশ্নে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।




















