গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
- আপডেট সময় : ১১:১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ১৫২৫ বার পড়া হয়েছে
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে মহাসড়কের মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকেরা এ অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
এদিকে, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুরে ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করেছে বিজিবি সদর দপ্তর।
শিল্পাঞ্চলে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিজিবি সদর দপ্তর সূত্রে জানা গেছে, গাজীপুর জেলায় ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তাঁরা জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া শিল্পাঞ্চল, গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনবহুল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন বিজিবি সদস্যরা।
প্রযুক্তির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ
মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে বিজিবি সদর দপ্তরে একটি মনিটরিং সেল কাজ করছে। এর মাধ্যমে প্রযুক্তিনির্ভর নজরদারি ও কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।
এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। ফলে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে।
জননিরাপত্তায় সতর্ক বিজিবি
বিজিবি সদস্যরা সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতেও দায়িত্ব পালন করছেন। এ ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখার নির্দেশনা রয়েছে।
একই সঙ্গে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল বজায় রাখা এবং দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে কাজ করছেন তাঁরা। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে।




















