হত্যাসহ ১৪ মামলার আসামি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ: পুলিশ
- আপডেট সময় : ১১:০০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হওয়া সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে হত্যা ও ভাঙচুরসহ অন্তত ১৪টি মামলা রয়েছে। এসব মামলার বেশির ভাগই সিলেটে দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর গ্রেপ্তার ও মামলার বিষয়টি নিশ্চিত করেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় অবস্থান করছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
পরে ওই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, যে বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি তার মেয়ের। তবে তিনি কত দিন ধরে ওই বাসায় আত্মগোপনে ছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।
বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে ১৪ মামলা
পুলিশের তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হত্যা, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে অন্তত ১৪টি মামলা হয়েছে।
ওসি খালিদ মুনসুর জানান, এসব মামলার বেশির ভাগই সিলেটে দায়ের করা হয়েছে। বর্তমানে সবগুলো মামলার তদন্ত চলছে।
এ ছাড়া সাবেক এই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কি না, তা-ও যাচাই করছে পুলিশ।
গ্রেপ্তারের পর নুরুল ইসলাম নাহিদকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




















